১ জুলাই থেকে অ্যাকাউন্টে ৩,০০০ টাকা! অন্নপূর্ণা যোজনায় বড় চমক মুখ্যমন্ত্রীর

বাঁকুড়ার মুকুটমণিপুরে হুল উৎসবের মঞ্চ থেকে রাজ্যের মহিলাদের জন্য ‘অন্নপূর্ণা যোজনা’র সূচনা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, আগামী ১ জুলাই থেকে এই প্রকল্পের আর্থিক সুবিধা সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। যাচাই প্রক্রিয়া শেষে রাজ্যের ১ কোটি ৫১ লক্ষ আবেদনকারীর মধ্যে ১ কোটি ২০ লক্ষ জনকে এই প্রকল্পের জন্য চূড়ান্ত করা হয়েছে। যোগ্য উপভোক্তারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন, যার মধ্যে প্রায় ৫ লক্ষ আদিবাসী নারী অন্তর্ভুক্ত রয়েছেন।

আদিবাসী সমাজের সার্বিক উন্নয়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী ৩৫০ কোটি টাকার একটি বিশেষ প্যাকেজ ঘোষণা করেছেন। পাশাপাশি, জঙ্গলমহলে কৃষি, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং যুবসমাজের কর্মসংস্থান ও খেলাধুলার সুযোগ বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এছাড়া আদিবাসী সংরক্ষণের অধিকার রক্ষায় সমস্ত রকম ‘ভুয়ো কাস্ট সার্টিফিকেট’-এর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়েও হুশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। পরিশেষে, মুকুটমণিপুরকে আদর্শ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং আদিবাসী বিধায়কদের আশীর্বাদের ঋণ উন্নয়নের মাধ্যমে শোধ করার বার্তা দিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *