অত্যাচারে ঘরছাড়া কর্মীদের আশার আলো, পাশে থাকছেন অভিষেক!
ভোট-পরবর্তী রাজনৈতিক অশান্তি ও অস্থিরতার আবহে নিচুতলার কর্মীদের আইনি সুরক্ষাকবচ দিতে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ‘এক ডাকে অভিষেক’ নামে একটি হেল্পলাইন নম্বর (৭৮৮৭৭৭৮৮৭৭) চালু করা হয়েছে। মূলত রাজনৈতিক হিংসায় ঘরছাড়া বা মিথ্যে মামলায় জড়িয়ে পড়া দলীয় কর্মীদের আইনি সহায়তা প্রদানের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই কর্মসূচির ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিকে, রাজনৈতিক অস্থিরতার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের নিরাপত্তায় বড়সড় পরিবর্তন আনা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পর এবার অভিষেকের বাড়ির গেটেও ‘ভিউ কাটার’ বসানো হয়েছে, যার ফলে বাইরে থেকে বাড়ির অন্দরের গতিবিধি আড়াল করা হয়েছে। প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মীদের ওপর অত্যাচারের অভিযোগ উঠলেও দলের অনেক শীর্ষ নেতা নিষ্ক্রিয় রয়েছেন বলে খবর। এমন পরিস্থিতিতে এই নতুন হেল্পলাইন কর্মসূচি কর্মীদের কতটা স্বস্তি দেয়, তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।