২১ জুলাইয়ের আগে বড় ধাক্কা, তৃণমূলের ৩ নেতার বিরুদ্ধে FIR!
একুশে জুলাইয়ের মেগা সমাবেশকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও প্রশাসনের মধ্যে নজিরবিহীন সংঘাত তৈরি হয়েছে। কলকাতার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে জনসভার অনুমতি সরাসরি খারিজ করে দিয়েছে লালবাজার। নিরাপত্তা প্রোটোকল ও আইনশৃঙ্খলার কারণ দেখিয়ে কলকাতা পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ জানিয়েছেন, সংবেদনশীল এলাকায় ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’ (BNSS)-এর ১৬৩ ধারা জারি থাকায় সেখানে সভা করা সম্ভব নয়।
এরই মধ্যে অনুমতি পাওয়ার আগেই সভাস্থল পরিদর্শনে গিয়ে ফিতে দিয়ে রাস্তা মাপজোখ করার দায়ে শাসক দলের তিন শীর্ষ নেতার বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করেছে পুলিশ। অভিযুক্তদের তালিকায় রয়েছেন রাজ্যসভার সাংসদ দোলা সেন, বিধায়ক কুণাল ঘোষ এবং বর্ষীয়ান তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়। সরকারি কাজে বাধা, ট্রাফিক আইন লঙ্ঘন ও নিষিদ্ধ এলাকায় প্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হলেও, তৃণমূলের পক্ষ থেকে এই পদক্ষেপকে বিস্ময়কর বলে অভিহিত করা হয়েছে।