৩২ লক্ষ টাকা খরচ তবুও ডাক্তার নেই, পান্ডুয়ার চিকিৎসালয় ঘিরে তুমুল বিক্ষোভ!
৩২ লক্ষ ২৪ হাজার টাকা সরকারি খরচে সংস্কারের পরেও হুগলির পান্ডুয়ার মণ্ডলাই গ্রামের দাতব্য চিকিৎসালয়টি দীর্ঘ সময় ধরে তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসাসুবিধা ও ডাক্তার না মেলায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতির প্রতিবাদে স্থানীয় তৃণমূল নেতা শুভঙ্কর নন্দী ও তাঁর স্ত্রী, প্রাক্তন জেলা পরিষদ সদস্য শিল্পা নন্দীর নাম উল্লেখ করে এলাকায় পোস্টার দিয়েছেন ক্ষুব্ধ বাসিন্দারা। সংস্কারের পর ভবনটি বর্তমানে আগাছা ও জঙ্গলে ঢেকে গেছে।
স্থানীয়দের অভিযোগ, সংস্কারের পরও পরিষেবা চালু না হওয়ায় আশপাশের ১০-১২টি গ্রামের প্রান্তিক মানুষকে চিকিৎসার জন্য পান্ডুয়া, চুঁচুড়া বা কালনা হাসপাতালে যেতে হচ্ছে, যা তাঁদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করছে। জবাবে তৃণমূল নেতা শুভঙ্কর নন্দী জানিয়েছেন, জেলা পরিষদ সংস্কারের দায়িত্ব পালন করলেও বারবার আবেদন জানিয়েও স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ডাক্তার নিয়োগ করা সম্ভব হয়নি। অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে শাসকদলকে আক্রমণ করে পান্ডুয়ার বিজেপি বিধায়ক তুষার মজুমদার সরকারি অর্থ অপচয়ের অভিযোগ তুলেছেন এবং দ্রুত চিকিৎসক আনার প্রতিশ্রুতি দিয়েছেন।