স্বাস্থ্যসাথী কার্ডে কি সরকারি টাকা লুঠ? পর্দাফাঁস হলো মারাত্মক দুর্নীতির!
কলকাতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পরিচালিত স্বাস্থ্য প্রকল্প ‘সেবাশ্রয়’ নিয়ে দুর্নীতির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযোগ, স্বাস্থ্য শিবিরের আড়ালে গরিব মানুষের স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে সরকারি তহবিল থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পাণ্ডার দাবি, এই প্রকল্পে আধুনিক চিকিৎসার প্রেসক্রিপশন লিখতেন হোমিওপ্যাথি ও আয়ুষ চিকিৎসকরা, এমনকি জুনিয়র ডাক্তারদের দিয়েও আধুনিক চিকিৎসা করানো হতো। এছাড়া সরিষার হিঞ্চাবেড়িয়া এলাকায় সেবাশ্রয়ের লোগোযুক্ত যে বিপুল পরিমাণ ওষুধ মাটির নিচে পাওয়া গিয়েছিল, তা নিম্নমানের বা মেয়াদোত্তীর্ণ হওয়ায় পুঁতে ফেলা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সেবাশ্রয়ের এক চিকিৎসকের তথ্য অনুযায়ী, বিনামূল্যে চিকিৎসার টোপ দিয়ে রোগীদের হাসপাতালে ভর্তি করানো হতো এবং স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সরকারি ফান্ড থেকে বিল তোলা হতো। রোগীদের এমআরআই বা সিটি স্ক্যানের নাম করে বিভিন্ন হাসপাতালে রেফার করে ১০-১২ দিন পর্যন্ত ভর্তি রাখা হতো, যদিও এই পরীক্ষাগুলো স্বাস্থ্যসাথী কার্ডের আওতাভুক্ত নয়। এই দুর্নীতির অভিযোগে আগামীকাল ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি নতুন করে এফআইআর দায়ের করতে চলেছে বলে খবর পাওয়া গেছে। তবে এ বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি।