সংসদে মিথ্যাচার? রাজনাথের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল কংগ্রেস!
গত বছর জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার পর পরিচালিত সামরিক অভিযান ‘অপারেশন সিন্দুর’ নিয়ে দেওয়া তথ্যের অসামঞ্জস্যের জেরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দিয়েছেন কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল। লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে পাঠানো চিঠিতে বেণুগোপালের অভিযোগ, ২০২৩ সালের ২৮ জুলাই লোকসভায় প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছিলেন যে ওই অভিযানে ভারতের কোনো জওয়ান শহীদ হননি। অথচ সম্প্রতি সরকারের প্রকাশিত তথ্যে দেখা গেছে, ওই অভিযানে সশস্ত্র বাহিনীর ৬ জন জওয়ান প্রাণ হারিয়েছেন। কংগ্রেসের মতে, সংসদে ভুল তথ্য দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করা হয়েছে, যা একইসঙ্গে সংসদ এবং শহীদ পরিবারের প্রতি চরম অবমাননা।
বিতর্ক ছড়িয়ে পড়লে প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যকে বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে। মন্ত্রক ব্যাখ্যা দেয় যে, ভিডিওর নির্দিষ্ট অংশ কেটে ভুল উদ্দেশ্য নিয়ে প্রচার করা হচ্ছে যেন মন্ত্রী শহীদদের মৃত্যুর তথ্য অস্বীকার করেছেন। তাদের দাবি, সরকার সবসময়ই শহীদদের আত্মবলিদানকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে এসেছে এবং এই বিতর্ক সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিলে পহেলগামে ২৬ জন নিহতের ঘটনার পর শুরু হওয়া ‘অপারেশন সিন্দুর’-এর শহীদদের নাম সম্প্রতি ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে খোদাই করার পরই এই বিতর্কের সূত্রপাত হয়।