কণ্ঠস্বরের নমুনা নিয়ে অস্বস্তি, হাই কোর্টের বড় পর্যবেক্ষণে তোলপাড়!
কলকাতা হাই কোর্ট ডিজে (DJ) মামলার তদন্তে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ করে দিয়েছে। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডায়মন্ড হারবারের সাংসদ যে মামলা করেছিলেন, মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তা ফিরিয়ে দিয়েছেন। আদালতের পর্যবেক্ষণ, তদন্ত প্রক্রিয়ায় কোন বিষয়ের প্রয়োজন রয়েছে আর কোনটির নেই, তা তদন্তকারী সংস্থাকে আদালত নির্ধারণ করে দিতে পারে না।
বিধানসভা নির্বাচনের সময় উসকানিমূলক মন্তব্যের জেরে সিআইডি (CID) অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল। মামলার তদন্তের স্বার্থে বিধাননগর আদালত অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছিল। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন জানানো হয়েছিল। যদিও মূল মামলায় অভিষেক ৩১ জুলাই পর্যন্ত রক্ষাকবচ পেয়েছেন, তবে আদালত স্পষ্ট করেছে যে, তদন্তে সহযোগিতা না করলে তদন্তকারী সংস্থা আইনানুগ পদক্ষেপ গ্রহণ করতে পারে। মামলাটি এখন প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে এবং তিনিই পরবর্তী বেঞ্চ নির্ধারণ করবেন।