দিনে ২০ ঘণ্টা খাটুনি আর পাহারায় পিটবুল, নরক থেকে উদ্ধার ১২ শ্রমিক!

উত্তরপ্রদেশের মুজফ্‌ফরনগরে কাগজের থালা-বাটি তৈরির একটি কারখানায় অমানবিক দাসপ্রথার সন্ধান পেয়েছে পুলিশ। রাজস্থানের বিক্রম নামের এক শ্রমিকের অভিযোগের ভিত্তিতে অভিযানে ১২ জন বন্দি শ্রমিককে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কারখানার সুপারভাইজার শিব ত্যাগী ও মালিকের বাবা প্রদীপকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত কারখানার মালিক অঙ্কিত বালিয়া পলাতক রয়েছেন।

উদ্ধার হওয়া শ্রমিকদের অভিযোগ, ভালো বেতন ও খাওয়া-থাকার প্রলোভন দেখিয়ে তাঁদের এখানে আনা হয়েছিল। এরপর তাঁদের মোবাইল ও পরিচয়পত্র কেড়ে নিয়ে দৈনিক ২০ ঘণ্টা অমানবিক পরিশ্রম করানো হতো। লোহার রড ও বেল্ট দিয়ে মারধরের পাশাপাশি পালানো ঠেকাতে পাহারায় রাখা হতো হিংস্র পিটবুল কুকুর। এছাড়া, অস্বাস্থ্যকর খাবার ও শারীরিক নির্যাতনের ফলে শ্রমিকদের শরীরে গভীর ক্ষত ও হাড় ভাঙার চিহ্ন পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, নিখোঁজ থাকা কয়েকজন শ্রমিকের পরিবার স্বস্তি পেলেও, দীর্ঘদিনের এই অমানবিক কর্মকাণ্ডে বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যুর আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পলাতক মালিকের সন্ধান ও ঘটনার বিস্তারিত তদন্তে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *