রাজ্যে আসছে অভিন্ন দেওয়ানি বিধি, লভ ও ল্যান্ড জিহাদ নিয়ে সরব দিলীপ!
দেশে চতুর্থ রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ সরকার অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) চালুর উদ্যোগ নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তত্ত্বাবধানে এই সংক্রান্ত একটি বিল বিধানসভায় পেশ করা হতে পারে। এই আইন কার্যকর হলে বিয়ে, বিবাহবিচ্ছেদ, জমি-সম্পত্তি ও উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে সব ধর্মের মানুষের জন্য একই নিয়ম প্রযোজ্য হবে। নতুন এই আইনে বহুবিবাহ প্রথা নিষিদ্ধ এবং ‘লিভ-ইন’ সম্পর্ককে বাধ্যতামূলক আইনি নিবন্ধনের আওতায় আনার সংস্থান রাখা হয়েছে। এছাড়া ধর্ম নির্বিশেষে নারী ও পুরুষের সমান অধিকার সুনিশ্চিত করা এই আইনের অন্যতম লক্ষ্য।
এই আইন প্রবর্তনের খবরের পাশাপাশি রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেন, সুপরিকল্পিতভাবে পশ্চিমবঙ্গের জনবিন্যাস বা ডেমোগ্রাফি বদলে ফেলার চক্রান্ত চলছে। দিলীপ ঘোষের দাবি, ‘লভ জিহাদ’-এর মাধ্যমে সামাজিক কাঠামো পরিবর্তন করা হচ্ছে এবং অনুপ্রবেশকারীরা ‘ল্যান্ড জিহাদ’-এর মাধ্যমে সরকারি জমি ও জলপথ দখল করছে। তিনি মনে করেন, রাজ্যে হিন্দু সমাজকে সুরক্ষিত রাখতে এবং এই ধরনের সামাজিক ব্যাধি ও বেআইনি অনুপ্রবেশ ঠেকাতে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া জরুরি।