পাসপোর্ট করতে এখন গুনতে হবে বাড়তি টাকা, জেনে নিন নতুন তালিকা!
পাসপোর্ট তৈরির ফি বাড়াল কেন্দ্রীয় বিদেশমন্ত্রক, ১ জুলাই থেকে কার্যকর নতুন নিয়ম
দীর্ঘ ১৪ বছর পর ভারতীয় পাসপোর্টের আবেদন মূল্য ও পুনর্নবীকরণের ফি এক ধাক্কায় অনেকটা বৃদ্ধি করল কেন্দ্রীয় বিদেশমন্ত্রক। আগামী ১ জুলাই থেকে নতুন এই বর্ধিত ফি কার্যকর হতে চলেছে। ২০ জুন পাসপোর্ট আইনের ২৪ নম্বর ধারার অধীনে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। বিদেশমন্ত্রকের দাবি, পরিকাঠামো ও পরিষেবা উন্নত করার লক্ষ্যে দীর্ঘ সময় পর এই ফি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন তালিকা অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের ৩৬ পাতার সাধারণ পাসপোর্ট তৈরির ফি ১,৫০০ টাকা থেকে বেড়ে ২,৫০০ টাকা হয়েছে এবং তৎকাল স্কিমে এই খরচ ৩,৫০০ টাকা থেকে বেড়ে ৫,০০০ টাকায় দাঁড়িয়েছে। এছাড়া ৩৬ পাতার ডুপ্লিকেট পাসপোর্ট (হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া) সাধারণ স্কিমে পেতে এখন ৫,০০০ টাকা খরচ হবে। পাশাপাশি, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC), সারেন্ডার সার্টিফিকেট এবং পরিচয়পত্রের শংসাপত্রের ফি বৃদ্ধি করে ৭৫০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বিদেশ থেকে আবেদনের ক্ষেত্রে এই খরচ ৪০ থেকে ৫০ মার্কিন ডলার পর্যন্ত হতে পারে। ১ জুলাই বা তার পর থেকে যারা আবেদন করবেন, তাঁদের নতুন নিয়ম মেনেই অনলাইনে ফি প্রদান করতে হবে।