তারাতলা গুদামকাণ্ডে চাঞ্চল্য, উদ্ধারকাজ চলাকালীনই গ্রেফতার ৪!
কলকাতা: তারাতলার নির্মীয়মাণ গুদাম ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১। বৃহস্পতিবার ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধারের পর এই তথ্য নিশ্চিত করেছে প্রশাসন। ঘটনায় আহতের সংখ্যা ১৯ জন, যাঁদের এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছে। পুলিশ জানিয়েছে, গুদামে কর্মরত শ্রমিকদের কোনো নির্দিষ্ট হাজিরা রেজিস্টার না থাকায় নিখোঁজের প্রকৃত সংখ্যা নির্ধারণ করা সম্ভব হচ্ছে না, যা উদ্ধারকাজকে জটিল করে তুলেছে।
এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে কলকাতা পুলিশ পুলিশ ৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। অভিযুক্তদের মধ্যে আজগর হুসেন নামে একজনের দেহ বৃহস্পতিবার উদ্ধার হয়েছে এবং বাকি চারজন—মহম্মদ গুলজার, শম্ভুনাথ বেহরা, কমল সামন্ত ও দিবারক ভাণ্ডারী এবং কলকাতা পুরসভার নকশা অনুমোদনের দালাল আব্দুল হামিদকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ জীবিত উদ্ধার হওয়া শ্রমিকদের জিজ্ঞাসাবাদ, ঘটনাস্থল থেকে প্রাপ্ত মোবাইল ফোনের কল রেকর্ড বিশ্লেষণ এবং কলকাতা পুরসভার আধিকারিকদের তলব করার পরিকল্পনা করেছে। মর্মান্তিক এই ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকার ৩১ জুলাই পর্যন্ত কলকাতা ও শহরতলির সমস্ত নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।