ভিআইপি রুটে চরম অমানবিকতা, পুলিশি ধাক্কায় ফুটন্ত জলে ঝলসে গেলেন বিক্রেতা!

রাজস্থানের জয়পুরের রামনগরিয়া থানা এলাকায় ভিআইপি কনভয় যাওয়ার আগে রাস্তা ফাঁকা করার সময় পুলিশের বিরুদ্ধে এক মহিলা মোমো বিক্রেতাকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে। জগতপুরার মহল রোডে ঘটা এই ঘটনায় স্টিমারের ফুটন্ত জল গায়ে পড়ে গুরুতর দগ্ধ হয়েছেন ২৭ বছর বয়সি রেশু গুপ্তা। অভিযোগ, পুলিশি তৎপরতার মুখে রেশু বারবার সতর্ক করলেও এক পুলিশ আধিকারিক জোর করে তাঁর ঠেলাগাড়িতে ধাক্কা মারেন, যার ফলে ওই তরুণীর বুক, বাঁ হাত ও উরু মারাত্মকভাবে ঝলসে যায়। ঘটনার পর দায়িত্বরত পুলিশ কর্মীরা তাঁকে কোনো সাহায্য না করেই সেখান থেকে চলে যান বলে অভিযোগ।

বি.এসসি পাশ করেও চাকরি না পেয়ে সংসার চালাতে বছর ২৫ আগে মোমোর ব্যবসা শুরু করা রেশু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে, রামনগরিয়া থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ এফআইআর নিতে অস্বীকার করে এবং উলটে চিকিৎসার খরচ দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার প্রস্তাব দেয় বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে, পুলিশের দাবি—নিয়ম মেনেই হকারদের সরানো হচ্ছিল এবং ঘটনার তদন্ত চলছে। তবে এই পুরো ঘটনায় পুলিশের অমানবিক ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র নিন্দার ঝড় উঠেছে এবং বিধানসভার বিরোধী দলনেতা টিকা রাম জুলি এই আচরণের কড়া প্রতিবাদ জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *