সাধারণ বাসে মুখ্যমন্ত্রী, ভাইরাল হলো বিজয়ের সরলতা!
চেন্নাইয়ে ৩০০টি নতুন সরকারি বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় চন্দ্রশেখর। উদ্বোধনের পর সমস্ত নিরাপত্তাবলয় সরিয়ে তিনি সাধারণ যাত্রীদের মতো একটি বাসে উঠে পড়েন এবং সহযাত্রী, চালক ও কন্ডাক্টরের সঙ্গে কুশল বিনিময় করেন। সাদা শার্ট ও কালো প্যান্ট পরিহিত মুখ্যমন্ত্রীর এই বাসে চড়ার ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
গত ১০ মে দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন জনমুখী প্রকল্প বাস্তবায়নে তৎপর রয়েছেন মুখ্যমন্ত্রী। এর আগে তিনি গ্যাস সংকট দূরীকরণ, নারী ক্ষমতায়ন, দুর্নীতিবিরোধী পদক্ষেপ এবং সরকারি হাসপাতালে নবজাতকদের উপহার দেওয়ার মতো কর্মসূচি গ্রহণ করেছেন। এবার রাজ্যের গণপরিবহন ব্যবস্থার আধুনিকীকরণে এই নতুন বাসগুলো চালু করা হলো, যা তাঁর সুপরিকল্পিত প্রশাসনিক পদক্ষেপেরই অংশ।
২০২৪ সালে ‘তামিলাগা ভেতরি কাজাগম’ দল গঠন করে নির্বাচনে বড় সাফল্য পাওয়া থলপতি বিজয়ের এই ‘জননেতা’ সুলভ আচরণ তামিল রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জনগণের সঙ্গে সরাসরি মিশে যাওয়ার এই প্রবণতা একদিকে যেমন প্রশাসনের ওপর মানুষের আস্থা বাড়াচ্ছে, অন্যদিকে রাজ্যের দীর্ঘস্থায়ী রাজনৈতিক সমীকরণেও বড় ধরনের প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।