শিয়ালদা দক্ষিণ শাখায় আজ ও আগামীকাল বন্ধ একগুচ্ছ লোকাল ট্রেন!

শিয়ালদা দক্ষিণ শাখায় রক্ষণাবেক্ষণের জন্য ট্রেন চলাচল ব্যাহত, বাতিল ও সংক্ষিপ্ত বহু ট্রেন

পরিকাঠামো উন্নয়ন ও নিরাপত্তা সংক্রান্ত রক্ষণাবেক্ষণের কাজের জন্য পূর্ব রেলের শিয়ালদা দক্ষিণ শাখায় আগামী ২৭ ও ২৮ জুন (শনিবার ও রবিবার) ট্র্যাফিক ও পাওয়ার ব্লক কার্যকর করা হবে। শিয়ালদা ডিভিশন সূত্রে জানানো হয়েছে, শনিবার রাত ১০টা ১৫ মিনিট থেকে রবিবার ভোর ৪টা ৪৫ মিনিট পর্যন্ত মোট সাড়ে ৬ ঘণ্টা বালিগঞ্জ স্টেশন এলাকায় এই ব্লক চলবে। ট্রেনের গতিপথ, রেলপথ ও বিদ্যুৎ পরিকাঠামোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই জরুরি রক্ষণাবেক্ষণ কাজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই ব্লকের প্রভাবে শনিবার শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার, বজবজ ও সোনারপুর শাখার বেশ কয়েকটি আপ ও ডাউন ট্রেন সম্পূর্ণ বাতিল থাকবে। সেই সঙ্গে রবিবারও দুটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করে সেগুলিকে সোনারপুর ও নিউ আলিপুর স্টেশন থেকে পরিচালনা করা হবে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার ব্লক শুরুর আগে ৩৪৭৫০ ডাউন এবং ৩৪৫৫৩ আপ ট্রেনটিই হবে শেষ পরিষেবা, আর রবিবার ভোর ৪টা ৪৫-এর পর ৩৪৫১১ আপ এবং ৩৪৮১৪ ডাউন ট্রেন দিয়ে পরিষেবা পুনরায় শুরু হবে। যাত্রীদের অনাকাঙ্ক্ষিত ভোগান্তি এড়াতে বাড়ি থেকে বেরনোর আগে ট্রেনের সময়সূচি যাচাই করে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *