পুণে হত্যাকাণ্ড: খুনের দায় অস্বীকার চেতনের পরিবারের!
পুণের লোহাগড় দুর্গে প্রি-ওয়েডিং ফটোশুট চলাকালীন হবু স্বামী কেতন বিশাল অগরওয়ালকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে খুনের অভিযোগে তাঁর বাগদত্তা সিয়া গোয়েল ও প্রেমিক চেতন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগামী নভেম্বরে ১৭ কোটি টাকা বাজেটের প্রাসাদে বিয়ের কথা থাকলেও, এই হত্যাকাণ্ড ত্রিকোণ প্রেমের এক সুপরিকল্পিত ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে বলে তদন্তকারীরা জানিয়েছেন।
তদন্তে পুলিশের দাবি, গত ১৮ জুন কেতনকে ৩৫০ ফুট গভীর খাদে ফেলে দিয়ে ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে সাজানোর চেষ্টা করা হয়েছিল। সিসিটিভি ফুটেজে হুডি পরা চেতনের সন্দেহজনক গতিবিধি এবং ডিজিটাল প্রমাণ, সোশ্যাল মিডিয়া পোস্ট ও কল রেকর্ডের মাধ্যমে সিয়া ও চেতনের গোপন সম্পর্কের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। জেরার মুখে সিয়া খুনের কথা স্বীকার করেছেন। এদিকে, চেতনের বাবা বাবুলাল চৌধুরী দাবি করেছেন যে, তাঁর ছেলে ঘটনার সময় ঘটনাস্থল থেকে দূরে ছিল এবং সে এই খুনের সঙ্গে জড়িত নয়।