মাত্র পাঁচদিনেই অসাধ্য সাধন, সেনাবাহিনীর তৎপরতায় জুড়ল শিলিগুড়ি-মিরিক!
পাহাড় ও সমতলে অতিভারী বৃষ্টির জেরে বালাসন নদীর জলোচ্ছ্বাসে দুধিয়া অস্থায়ী সেতুর একাংশ ভেসে যাওয়ায় গত শুক্রবার থেকে শিলিগুড়ির সঙ্গে মিরিকের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তবে ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পসের দ্রুত পদক্ষেপে মাত্র পাঁচ দিনের মাথায় যোগাযোগ ব্যবস্থা ফের স্বাভাবিক হয়েছে। রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতে সেনাবাহিনীর সুকনা ৩৩ কোরের ৫ ইঞ্জিনিয়ারিং রেজিমেন্ট মঙ্গলবার সকাল থেকে কাজ শুরু করে এবং বুধবার রাতের মধ্যেই ৩৪ মিটার দীর্ঘ একটি অস্থায়ী ফুটব্রিজ তৈরির কাজ সম্পন্ন করে। বর্তমানে সাধারণ মানুষ ও পর্যটকরা এই ফুটব্রিজ ব্যবহার করে নদী পারাপার করতে পারছেন।
গত বছর অক্টোবরে বালাসনের হড়পা বানে পুরনো লোহার সেতুটি ভেঙে যাওয়ার পর পূর্ত দফতর এই অস্থায়ী হিউমপাইপ সেতুটি নির্মাণ করেছিল, যা গত বৃহস্পতিবার রাতের প্রবল বৃষ্টির তোড়ে ক্ষতিগ্রস্থ হয়। এতে ওই অঞ্চলের জনজীবন ও পর্যটন ব্যবসায় ব্যাপক প্রভাব পড়েছিল। আপাতত ফুটব্রিজ খুলে দেওয়ার পাশাপাশি সেনাবাহিনী যান চলাচলের উপযোগী একটি চওড়া বেইলি ব্রিজ নির্মাণের কাজও শুরু করেছে। এই কাজ শেষ হলে দুধিয়া হয়ে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে যাতায়াত ব্যবস্থা আগের মতো পুরোপুরি স্বাভাবিক ও সুরক্ষিত হবে।