তারাতলা বিপর্যয়ে ১০ লাখের ক্ষতিপূরণ, আগের সরকারের ‘পাপের ফল’ বলে তোপ মুখ্যমন্ত্রীর!
কলকাতা তারাতলায় গোডাউন বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ২৯ জনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ২০ জন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা স্থিতিশীল হলেও ৪ জন সঙ্কটজনক এবং ১ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। বর্তমানে এনডিআরএফ ও সেনাবাহিনী যৌথভাবে উদ্ধারকাজ চালাচ্ছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।
এই ঘটনায় মৃতদের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা এবং আহতদের ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করেছেন। বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী এই বিপর্যয়ের জন্য আগের সরকারকে দায়ী করে তীব্র ভর্ৎসনা করেছেন। এছাড়া, ডেভেলপার আসগর হুসেন এবং প্রাক্তন মেয়রের আপ্তসহায়ক ‘কালী’-র বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্র মারফত জানা গেছে, লোহার ছাদ ভেঙে পড়ায় ডেভেলপার আসগরেরও মৃত্যু হয়ে থাকতে পারে।