পুরুলিয়া আদালতে নিজেই সওয়াল প্রাক্তন মাওবাদী অর্জুন মুণ্ডার!
পুরুলিয়া আদালতে নিজের বিরুদ্ধে ওঠা খুনের মামলায় আত্মপক্ষ সমর্থনে নিজেই সওয়াল করেছেন একসময়ের দুর্ধর্ষ মাওবাদী নেতা কানুরাম মুণ্ডা ওরফে অর্জুন মুণ্ডা। আইনজীবীদের বয়কটের কারণে কোনো আইনি সহায়তা না পাওয়ায় তিনি বিচারকের সামনে নিজেই নিজের বক্তব্য তুলে ধরেন এবং প্রয়োজনীয় আইনি হলফনামা জমা দেন। ২০১০ সালে বাঘমুন্ডির ফরওয়ার্ড ব্লক নেতা সূর্যকান্ত বন্দ্যোপাধ্যায় খুনের মামলায় গত সোমবার ঘাটশিলা থেকে তাঁকে পুরুলিয়া সংশোধনাগারে আনা হয়। বিচারক এদিন তাঁকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুরুলিয়া বার অ্যাসোসিয়েশন জেলা জজ ও আইনি পরিষেবা কর্তৃপক্ষের এজলাস বয়কট করায় অভিযুক্ত অর্জুন মুণ্ডার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। ২০১৭ সালে আত্মসমর্পণ করা এই প্রাক্তন মাওবাদী নেতা এর আগে অন্যান্য সব মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন। আদালত চত্বর থেকে বেরোনোর সময় অর্জুন মুণ্ডা জানান, বর্তমান সময়ে সশস্ত্র আন্দোলনের আর কোনো প্রাসঙ্গিকতা নেই। একইসঙ্গে তিনি পাহাড় ও জঙ্গলে থাকা অন্যান্য মাওবাদীদের মূল স্রোতে ফেরার আহ্বান জানান এবং সম্প্রতি এক নেত্রীর আত্মসমর্পণকে স্বাগত জানান।