তারাতলা বিপর্যয়ে কাঠগড়ায় ফিরহাদ হাকিম! কড়া ব্যবস্থার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ভেঙে পড়ে ৯ জনের মৃত্যু ও ২০ জনের আহত হওয়ার ঘটনায় সরাসরি কলকাতা পুরসভার পূর্বতন বোর্ডের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভায় দাঁড়িয়ে তিনি দাবি করেন, নিয়মবহিভূতভাবে বিল্ডিং প্ল্যান অনুমোদনের ফলেই এই বিপর্যয় ঘটেছে। এ সংক্রান্ত নথিতে তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমসহ একাধিক পদস্থ ইঞ্জিনিয়ারের সই রয়েছে বলে তিনি উল্লেখ করেন। টাকার বিনিময়ে বেআইনি নির্মাণের ছাড়পত্র দেওয়ার মাধ্যমেই কলকাতাকে ‘মৃত্যুপুরী’তে পরিণত করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
পুরসভার বিল্ডিং প্ল্যান অনুমোদনে বেনিয়মের অভিযোগ তুলে শুভেন্দু অধিকারী জানান, গত ১৭ জানুয়ারির অনুমোদিত নথিটিতে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নির্মলেন্দু সরকার ও কার্যনির্বাহী ইঞ্জিনিয়ার রঞ্জন দাসের সই রয়েছে। এছাড়াও তিনি ‘কালী’ নামের এক ব্যক্তির অঙ্গুলিহেলনে পুরসভার প্ল্যান পাসের অভিযোগ করেছেন। এদিকে, উদ্ধারকাজ দীর্ঘস্থায়ী হওয়ার জন্য পূর্বতন সরকারের সময় অত্যাধুনিক সরঞ্জাম না কেনাকে দায়ী করা হয়েছে। বর্তমানে এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং উদ্ধারকাজে এনডিআরএফ, বিহার রেজিমেন্ট ও সিভিল ডিফেন্সের পাশাপাশি পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে।