ভারতের আকাশে তিন পাকিস্তানি বিমান, তুঙ্গে চাঞ্চল্য!

অমৃতসর বিমানবন্দরে নামার সময় এয়ার ইন্ডিয়ার একটি বিমানের পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ার রেশ কাটতে না কাটতেই এবার সামনে এল পাকিস্তানের তিনটি যাত্রীবাহী বিমানের ভারতীয় আকাশসীমা লঙ্ঘনের তথ্য। ফ্লাইট-ট্র্যাকিং ডেটা অনুযায়ী, গত ১২ জুন ‘ফ্লাই জিন্নাহ’ ও ‘এয়ার সিয়াল’-এর তিনটি বিমান ভারতের আকাশসীমায় প্রবেশ করে, যার মধ্যে একটি বিমান প্রায় ১৫ মিনিট ধরে ভারতের আকাশসীমা ব্যবহার করেছে। পাকিস্তানের সংবাদমাধ্যমের দাবি, পাঞ্জাব প্রদেশে প্রবল ঝোড়ো হাওয়া ও খারাপ আবহাওয়ার কারণে বিমানগুলো গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়েছিল। তবে এই সময় লাহোর ও অমৃতসর বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) মধ্যে যোগাযোগ বজায় ছিল।

এর আগে গত সোমবার দিল্লি থেকে অমৃতসরগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিমানবন্দরে যানজটের কারণে অবতরণ করতে না পেরে পুনরায় উঁচুতে ওঠার সময় ভুলবশত পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়েছিল। মাত্র দুই মিনিটের কম সময় সেখানে অবস্থানের পর বিমানটি পুনরায় ভারতের আকাশসীমায় ফিরে আসে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। ভারত ও পাকিস্তানের মতো সংবেদনশীল সীমান্তে বারবার এমন আকাশসীমা লঙ্ঘনের ঘটনা আকাশপথে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *