তারাতলায় ভয়াবহ গুদাম বিপর্যয়, গাফিলতির অভিযোগে আটক ৩!
কলকাতা ও তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ভেঙে পড়ার ঘটনায় গাফিলতির অভিযোগে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে কলকাতা পুলিশ। ঘটনার তদন্তে নেমে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ১০৫, ১১০ এবং ৩(৫) ধারায় মামলা রুজু করেছে। এদিকে, রাজ্যের প্রশাসনিক নির্দেশ অনুযায়ী আগামী ৩১ জুলাই পর্যন্ত কলকাতায় সমস্ত বাণিজ্যিক নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে। এই সময়ের মধ্যে প্রতিটি বাণিজ্যিক কাঠামোর অডিট সম্পন্ন করা হবে।
শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষের লিজ দেওয়া ওই জমিতে নির্মাণ পরিকল্পনা বা বিল্ডিং প্ল্যানে মারাত্মক ত্রুটি ছিল বলে প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে। বর্তমানে ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত করতে সেনা, বিপর্যয় মোকাবিলা বাহিনী, এনডিআরএফ, দমকল ও কলকাতা পুলিশ রাতভর উদ্ধারকাজ চালাচ্ছে। নিখুঁত তল্লাশির জন্য ড্রোন ও স্নিফার ডগের ব্যবহার করা হচ্ছে এবং আহতদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রীসহ সরকারের একাধিক মন্ত্রী।