অমরনাথ যাত্রায় ট্যাক্সির আকাশছোঁয়া ভাড়া বন্ধ, খুশির হাওয়া পর্যটকদের মাঝে!

আগামী ৩ জুলাই থেকে শুরু হতে যাওয়া অমরনাথ যাত্রায় তীর্থযাত্রীদের হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসন। তীর্থযাত্রীদের সুবিধার্থে বাস, ট্যাক্সি ও অটোর জন্য নির্দিষ্ট ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে। জম্মু-কাশ্মীরের পরিবহন কমিশনার বিশেষ মহাজন জানিয়েছেন, প্রশাসনের বেঁধে দেওয়া ভাড়ার চেয়ে বেশি অর্থ আদায় করলে অভিযুক্ত গাড়ির রুট পারমিট বাতিল করা হবে। এই নিয়ম বাস, ট্যাক্সি, অটো, ই-অটো ও ই-রিকশার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে।

প্রশাসনের ঘোষণা অনুযায়ী, মাথাপিছু বাস ও ট্যাক্সির ভাড়া নির্ধারণ করা হয়েছে— শ্রীনগর থেকে বালতাল (বাস ১৭৫ টাকা, ট্যাক্সি ৩৮৬ টাকা), বালতাল থেকে জম্মু (বাস ৬৪৩ টাকা, ট্যাক্সি ১৪২১ টাকা), শ্রীনগর থেকে পহেলগাম (বাস ১৭৩ টাকা, ট্যাক্সি ৩৮৪ টাকা), পহেলগাম থেকে জম্মু (বাস ৪৩৪ টাকা, ট্যাক্সি ৯৫৯ টাকা) এবং শ্রীনগর থেকে জম্মু (বাস ৪৬৮ টাকা, ট্যাক্সি ১০৩৫ টাকা)। এছাড়া সাধারণ অটোর ক্ষেত্রে প্রথম কিলোমিটারের ভাড়া ২৬ টাকা ও পরবর্তী প্রতি কিলোমিটার ২০ টাকা এবং ই-রিকশার ক্ষেত্রে প্রথম কিলোমিটার ২৫ টাকা ও পরবর্তী প্রতি কিলোমিটার ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। নির্দেশিকা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে জরিমানাসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পরিবহন দপ্তর জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *