তারাতলায় গুদাম বিপর্যয়, মধ্যরাতে আটক মালিক!

কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গুদামের বিশাল লোহার ছাদ ভেঙে পড়ার ঘটনায় গুদামের মালিক শম্ভুনাথ বেহরাকে আটক করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে জেমস লং সরণির একটি আবাসন থেকে তাঁকে পাকড়াও করা হয়। এই ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও ১০-১২ জনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজে সেনা, বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল ও পুলিশ যৌথভাবে কাজ করছে। এখন পর্যন্ত ২১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

তদন্তের জন্য কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনারের নেতৃত্বে ছয় সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শম্ভুনাথ বেহরাকে শনাক্ত করা হয়। এর আগে নির্মাণ কাজের সাথে যুক্ত স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, সুপারভাইজার ও দুই ঠিকাদারকে গ্রেফতার করা হয়েছে। তারাতলা থানায় ভারতীয় ন্যায় সংহিতার ১০৫, ১১০ এবং ৩(৫) ধারায় মামলা রুজু করে তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে গুদামের নকশায় গুরুতর ত্রুটি ও নির্মাণে গাফিলতিকে দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *