ব্যারাকপুরে মর্মান্তিক মৃত্যু! অটোর কাঁচ ভেঙে বুকে বিঁধল লোহার রড
আদালতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আইনজীবীর মৃত্যু
ব্যারাকপুর: বারাসাত-ব্যারাকপুর রোডের নীলগঞ্জ সংলগ্ন পাঞ্জাবিখোলা এলাকায় বুধবার দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় উত্তম দস্তিদার (৪৯) নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। আদালতে যাওয়ার পথে তাঁর বহনকারী অটোটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি রড বোঝাই ভ্যানে সজোরে ধাক্কা মারে। এ সময় ভ্যানে থাকা একটি মোটা লোহার রড অটোর কাঁচ ভেঙে সরাসরি আইনজীবীর বুকে ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বারাসাত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় তাঁর সঙ্গে থাকা আরও দুই আইনজীবী সামান্য আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিজের গাড়িতে যান্ত্রিক ত্রুটি থাকায় ওই আইনজীবী অটোতে করে আদালতে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের সহায়তায় লোহার রডটি কেটে তাঁকে উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয়নি। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, অটোচালকের নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে বারাসাত থানার পুলিশ তদন্ত শুরু করেছে।