পাথর খাদানের টাকা সোজা দুবাই! চুরি রুখেই রাজস্ব বাড়ানোর দাওয়াই মুখ্যমন্ত্রীর
পাথর খাদান ও দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সরকারি কোষাগার বাড়াতে লক্ষ্য ১২০০ কোটি টাকা
নতুন সরকারের প্রথম বাজেটে উত্থাপিত প্রকল্পের অর্থের সংস্থান নিয়ে বিরোধীদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় জানিয়েছেন, পূর্বতন সরকারের আমলের দুর্নীতি রুখলেই রাজ্যের কোষাগার পূর্ণ হবে। আয়ের প্রধান উৎস হিসেবে বীরভূমের পাথর খাদানগুলিকে চিহ্নিত করে তিনি জানান, তৃণমূল জমানায় যেখান থেকে বছরে মাত্র ৬৩ কোটি টাকা রাজস্ব আসত, নতুন সরকার শপথ নেওয়ার এক মাসের মধ্যেই সেখান থেকে ৮৩ কোটি টাকা আদায় করেছে। মুখ্যমন্ত্রীর দাবি, আগামী দিনে পাথর খাদান থেকে মাসে ১০০ কোটি টাকা হিসেবে বছরে ১২০০ কোটি টাকা রাজস্ব আদায় হবে।
বিধানসভায় তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী দাবি করেন, অতীতের বিপুল রাজস্ব সরকারি কোষাগারে জমা না হয়ে ক্যামাক স্ট্রিট হয়ে দুবাই পাচার হতো। এ প্রসঙ্গে তিনি আরও অভিযোগ করেন, পূর্ত দপ্তরের এক ঠিকাদার কাকদ্বীপের ব্যাঙ্ক থেকে সরাসরি এক ভোটকুশলী সংস্থার অ্যাকাউন্টে ১০ কোটি টাকা পাঠিয়েছিলেন। এই দুর্নীতির বিষয়টিকেও তার সরকার রেয়াত করবে না বলে জানান তিনি। এদিকে, নির্দিষ্ট কারও নাম উল্লেখ না থাকায় মুখ্যমন্ত্রীর এই অভিযোগের বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।