কলকাতায় মুঘল-পাঠান নাম মুছে ফেলার হুঁশিয়ারি শুভেন্দুর!
কলকাতা শহরে মুঘল ও পাঠানদের নামে আর কোনো রাস্তা থাকবে না বলে বিধানসভায় কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, ভগিনী নিবেদিতা ছাড়া বিদেশি কোনো ব্যক্তির নামে কলকাতায় রাস্তা থাকলে তা নিয়েও নতুন করে ভাবনাচিন্তা করা হবে। পার্ক সার্কাসের সুরাবর্দি অ্যাভেনিউয়ের নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ রাখা নিয়ে বিধানসভায় তীব্র বিতর্কের মুখে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন যে, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং, নোয়াখালি দাঙ্গা বা ব্রিটিশদের সঙ্গে যুক্ত কারও নাম রাখা হবে না। তবে দেশভক্ত হিসেবে আব্দুল কালামের মতো ব্যক্তিদের নামকরণের বিষয়টি বিবেচনা করা হবে।
রাস্তার নামকরণের বিষয়ে যাবতীয় প্রস্তাব খতিয়ে দেখতে পদ্মশ্রী স্বামী প্রদীপ্তানন্দ বা কার্তিক মহারাজের নেতৃত্বে একটি নতুন কমিটি গঠন করা হচ্ছে। এর আগে বর্তমান নামকরণের প্রক্রিয়া নিয়ে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক সাবিনা ইয়াসমিনসহ বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হয়েছে। অন্যদিকে, সিপিএম নেতা ও প্রাক্তন মেয়র বিকাশ ভট্টাচার্য রীতিনীতি মেনে নামকরণের দাবি জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর বাম শিবিরের আশঙ্কা, আগামী দিনে লেনিন সরণি বা হো চি মিন সরণির মতো রাস্তার নামও বদলে ফেলা হতে পারে।