মহরমে ডিজে ও অস্ত্র প্রদর্শন নিষিদ্ধ, কড়া নির্দেশ লালবাজারের!
আগামী ২৬ জুন মহরম উপলক্ষে কলকাতায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে লালবাজার। শহরজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিজে বাজানো এবং অস্ত্র প্রদর্শনের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন কোনো শোভাযাত্রার অনুমতি দেওয়া হবে না এবং কেবল ঐতিহ্যবাহী পুরনো মিছিলগুলোই শর্তসাপেক্ষে রাস্তায় বের হতে পারবে।
পুলিশের নতুন নির্দেশিকা অনুযায়ী, শোভাযাত্রার সময় কোনো ধরনের অস্ত্র বা অস্ত্রসদৃশ বস্তু বহন করা যাবে না এবং কোনো উস্কানিমূলক বার্তা প্রচার নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, বৈদ্যুতিক তার বা কেবল লাইনের ক্ষতি এড়াতে অতিরিক্ত উঁচু তাজিয়া তৈরিতে বাধা দেওয়া হয়েছে এবং শব্দদূষণ রোধে মাইক ব্যবহারে উচ্চ আদালতের নির্দিষ্ট শব্দসীমা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়মগুলো যথাযথভাবে পরিপালন নিশ্চিত করতে স্থানীয় থানার সহায়তায় আয়োজকদের সঙ্গে সমন্বয় বৈঠক করার উদ্যোগ নিয়েছে লালবাজার। উৎসবের দিন নির্দিষ্ট রুটগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে এবং বিশেষ নজরদারি চালানো হবে।