বাজেটের ২৪ ঘণ্টার মধ্যেই নবান্নে বড় চমক, রাজ্যে গড়ে উঠছে জোড়া অর্থনৈতিক অঞ্চল!

রাজ্যে নতুন সরকার গঠনের দেড় মাসের মাথায় বাজেট পেশের পরেই শিল্পায়ন ও পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে তৎপরতা শুরু করেছে নবান্ন। মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল এবং মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্তর সঙ্গে এশীয় উন্নয়ন ব্যাঙ্কের (এডিবি) শীর্ষ কর্তারা এক উচ্চপর্যায়ের বৈঠকে বসেন। বৈঠকে রাজ্যের নতুন বাজেটের লক্ষ্য পূরণে এডিবি আর্থিক সহযোগিতা ও মেগা পরিকাঠামো উন্নয়নের প্রস্তাব দিয়েছে। নীতি আয়োগের মডেল অনুসরণ করে কলকাতায় দুটি ‘সিটি ইকোনমিক রিজিওন’ (সিইআর) গড়ার ব্লু-প্রিন্ট নবান্নে জমা দিয়েছে এডিবি। এর জন্য কলকাতা মেট্রোপলিটন, শিলিগুড়ি, হলদিয়া-দিঘা ও দুর্গাপুর-আসানসোল এই চারটি সম্ভাব্য হাব থেকে অগ্রাধিকারের ভিত্তিতে দুটি অঞ্চল নির্ধারণের সুযোগ রয়েছে।

এডিবি রাজ্যের সার্বিক পরিকাঠামো উন্নয়নে ছয় দফা রোডম্যাপ পেশ করেছে। এর মধ্যে রয়েছে শিল্প করিডর নির্মাণ, ডানকুনি, শিলিগুড়ি ও হলদিয়াকে আধুনিক মাল্টিমোডাল লজিস্টিকস হাব হিসেবে গড়ে তোলা এবং ইলেকট্রিক বাস ব্যবহারের মাধ্যমে গণপরিবহণ ব্যবস্থার আধুনিকীকরণ। এছাড়াও, শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য সাশ্রয়ী আবাসন নির্মাণ এবং বারাণসী মডেলের আদলে উত্তরবঙ্গ, কোস্টাল বেল্ট, সুন্দরবন ও হেরিটেজ অঞ্চলে পর্যটন ক্লাস্টার তৈরির প্রস্তাব রাখা হয়েছে। এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে লজিস্টিকস ও পণ্য পরিবহণের খরচ কমবে এবং বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে রাজ্যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *