বিধানসভায় শূন্য কাটানোর বড় পুরস্কার, সিপিএমের রাজ্য কমিটিতে ডোমকলের রানা!
রাজ্য বিধানসভায় বামপন্থীদের একমাত্র প্রতিনিধি ও ডোমকলের বিধায়ক মোস্তাফিজুর রহমান রানাকে সিপিএমের রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। দলের শীর্ষ নেতৃত্বের এই সিদ্ধান্তে রানার পাশাপাশি গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদক মোনালিসা সিনহাকেও রাজ্য কমিটিতে জায়গা দেওয়া হয়েছে। বিধানসভায় দলের শূন্য আসন কাটানোর অন্যতম প্রধান মুখ হিসেবে পরিচিত রানার এই পদোন্নতিকে সিপিএমের সাংগঠনিক স্তরে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সিপিএমের দু’দিনের রাজ্য কমিটির বৈঠকে বিধানসভা নির্বাচনের ফলাফল ও ভবিষ্যৎ রণনীতি নিয়ে আলোচনার সময় শাসক দল তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টি উঠে আসে। জেলা কমিটির রিপোর্ট অনুযায়ী, শাসক দলের এই দুর্বলতা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বামপন্থীদের প্রতি ক্রমবর্ধমান আগ্রহকে কাজে লাগিয়ে হারানো জমি পুনরুদ্ধারের লক্ষ্য নিয়েছে দল। আগামী দিনে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে মোস্তাফিজুর রহমান রানাকে প্রধান মুখ করে রাজনৈতিক প্রচার চালানোর মাধ্যমে রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন প্রভাব ফেলার কৌশল গ্রহণ করেছে সিপিএম।