ঘণ্টায় ২৫০ কিমির গতিতেই মর্মান্তিক মৃত্যু! মুম্বই হাইওয়ে দুমড়ে-মুচড়ে শেষ বিএমডাব্লু
মুম্বই-ভদোদরা হাইওয়ের বদলাপুরে দ্রুতগতির বিএমডাব্লিউ গাড়ির ভয়ংকর দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে থানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনার সময় বিলাসবহুল ওই গাড়িটির গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ২৫০ কিলোমিটারের বেশি।
তিতওয়ালা থেকে জন্মদিনের অনুষ্ঠান সেরে ফেরার পথে রাত আনুমানিক ৩টে নাগাদ চালক গাড়ির নিয়ন্ত্রণ হারালে সেটি রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে এবং একাধিকবার উল্টে যায়। অতিরিক্ত গতির কারণে ধাক্কাটি এতটাই জোরালো ছিল যে গাড়িটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। এই ঘটনায় নিহতরা হলেন বদলাপুরের বাসিন্দা যোগেশ দিঘে এবং রিকেবা জেকপ। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে এবং ফরেনসিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। চালক মদ্যপ ছিলেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।