৫০ হাজার স্থায়ী চাকরি, টেট প্রার্থীদের জন্য সুখবর!
সোমবার বিধানসভায় ২০২৬-২৭ আর্থিক বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। রাজ্যের আর্থিক খতিয়ানের পাশাপাশি কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা এবং ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে এই বাজেটকে একটি ‘মেগা ব্লু-প্রিন্ট’ হিসেবে দেখছে রাজনৈতিক মহল। ঋণের বোঝা সামাল দেওয়ার পাশাপাশি নতুন এই বাজেটে একঝাঁক বড় ঘোষণা থাকার সম্ভাবনা রয়েছে।
কর্মসংস্থান ও শিক্ষার ক্ষেত্রে ৫০ হাজার স্থায়ী সরকারি চাকরি, প্রতি বছর টেট পরীক্ষা আয়োজন এবং পুলিশ বাহিনীতে বড় নিয়োগের ঘোষণা আসতে পারে। বেকার যুবকদের স্বাবলম্বী করতে নতুন প্রকল্পের পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্প যেমন ‘জি রাম জি’ খাতে ৭,০০০ থেকে ৮,০০০ কোটি টাকা বরাদ্দ, ‘আয়ুষ্মান ভারত’ চালু এবং ‘প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা’র জন্য বড় অঙ্কের অর্থ বরাদ্দ হতে পারে। এছাড়া, নারী কল্যাণে মাসিক ৩,০০০ টাকার ‘অন্নপূর্ণা যোজনা’, গ্রামীণ রাস্তা সংস্কার এবং শিল্প ও পর্যটন উন্নয়নের ওপর বিশেষ জোর দেওয়া হতে পারে এই বাজেটে।