তৃণমূল থেকে বহিষ্কার ফিরহাদ-অরূপ! বড় ধাক্কা খেল কালীঘাট?
তৃণমূল থেকে ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাসসহ একগুচ্ছ হেভিওয়েট নেতাকে বহিষ্কার
কলকাতার তৃণমূল কংগ্রেসের অন্দরে চলা বিদ্রোহ ও রাজনৈতিক সংঘাতের জেরে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসসহ দলের শীর্ষস্থানীয় একাধিক নেতাকে বহিষ্কার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গতকালই এই নেতাদের শোকজ নোটিস দেওয়া হয়েছিল। তবে শোকজের জবাব পাওয়ার আগেই কালীঘাট শিবির থেকে তাঁদের সরাসরি বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলো।
বহিষ্কৃত নেতাদের তালিকায় রয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায়, জাভেদ খান, রথীন ঘোষ, বিপ্লব মিত্র, সাবিনা ইয়াসমিন এবং স্নেহাশিস চক্রবর্তী। দল থেকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কৃত হওয়ার আগেই এই নেতারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘আসল’ তৃণমূল শিবিরে যোগদান করেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। রাজ্যের শাসক দলের অন্দরে এই নাটকীয় ভাঙন ও দলবদল এখন রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।