তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে ডিম-বৃষ্টি! অসভ্যতা বরদাস্ত নয়, ময়দানে পুলিশ
হুগলির ডানকুনি পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে নিকাশি সমস্যা ও আবর্জনা সংগ্রহের অব্যবস্থাপনার প্রতিবাদে তৃণমূল কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করেন স্থানীয়রা। বিক্ষোভ চলাকালীন কাউন্সিলর বাইরে বেরিয়ে এলে উত্তেজিত জনতা তাঁকে লক্ষ্য করে ডিম ছুড়তে শুরু করেন। খবর পেয়ে ডানকুনি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কাউন্সিলরকে নিরাপত্তা দিয়ে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
উত্তেজিত জনতাকে শান্ত করতে ডানকুনি থানার আইসি শান্তনু সরকার দ্রুত মাইক হাতে পরিস্থিতি সামাল দেন। তিনি জানান, প্রতিবাদের নামে অসভ্যতা বা বিশৃঙ্খলা সহ্য করা হবে না এবং নিয়ম মেনে পুরসভা বা পুলিশকে লিখিত অভিযোগ জানানোর পরামর্শ দেন। পুলিশ বিক্ষোভকারীদের ছবি তোলার নির্দেশ দিলে পরিস্থিতি শান্ত হয় এবং বিক্ষোভকারীরা পিছু হটেন। বর্তমানে এলাকাটির পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।