প্রাণের ভয়ে জানালা দিয়ে ঝাঁপ, লখনৌয়ের কোচিং সেন্টারে বিধ্বংসী আগুনে মৃত ১৫!
লখনৌর আলিগঞ্জ এলাকার একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ওই ভবনের দোতলায় অবস্থিত একটি কোচিং সেন্টারে এই দুর্ঘটনা ঘটে। ক্লাস চলাকালীন হঠাৎ আগুন লেগে যাওয়ায় ভেতরে আটকে পড়েন বহু পড়ুয়া। ধোঁয়ায় সিঁড়ি দিয়ে নামার পথ অবরুদ্ধ হয়ে পড়ায় প্রাণ বাঁচাতে অনেক শিক্ষার্থী দোতলার জানালা ও কার্নিশ থেকে নিচে ঝাঁপ দেন। এই ঘটনায় অন্তত ৫ থেকে ৭ জন শিক্ষার্থী হাড় ভেঙে গুরুতর আহত হয়েছেন।
দমকল বাহিনীর প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধারকাজ চালায়। এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে ও যথাযথ তদন্তের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।