দেড় মাস পরেও সরকারি পোর্টালে ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ভুল ফর্ম তুলে হয়রানির শিকার মহিলারা!
রাজ্যে নতুন সরকার গঠনের দেড় মাস অতিক্রান্ত হলেও নারী ও শিশুকল্যাণ দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে এখনও পূর্বতন সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প ও তার আবেদনপত্র বহাল রয়েছে। অথচ নতুন সরকারের ঘোষিত ‘অন্নপূর্ণা যোজনা’র কোনো উল্লেখ ওই পোর্টালে নেই। প্রকল্পের তথ্যের এই অসামঞ্জস্যের কারণে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, কারণ অনেকেই পুরনো ফরম জমা দিয়ে নতুন প্রকল্পের সুবিধা পাওয়ার আশায় রয়েছেন।
ওয়েবসাইটের ডিজিটাল সংস্কার না করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও পোর্টালে নতুন মন্ত্রীর নাম যুক্ত করা হয়েছে, তবুও প্রকল্প সংক্রান্ত তথ্যের কোনো পরিবর্তন করা হয়নি। বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন সংশ্লিষ্ট দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায়। তিনি জানিয়েছেন যে, এই পুরনো প্রকল্প ও তার আবেদনপত্রের নাম তালিকায় থাকার কথা নয় এবং দ্রুত বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।