বিদ্রোহের আগুনে পুড়ছে উদ্ধবের ঘর, শিব সেনা একটাই!
মহারাষ্ট্রের রাজনীতিতে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনায় নতুন করে দেখা দিয়েছে বড় ধরনের ভাঙন। দলের অন্দরে সৃষ্ট বিদ্রোহের উত্তাপের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোলাপুরের এক অনুষ্ঠানে ঘোষণা করেছেন যে, শিবসেনায় এখন আর আলাদা কোনো শিবিরের অস্তিত্ব নেই; একনাথ শিণ্ডের দলই এখন আসল এবং একমাত্র শিবসেনা। রাজনৈতিক মহলের মতে, মহারাষ্ট্রের রাজনীতিতে উদ্ধব শিবির বর্তমানে তীব্র অস্তিত্ব সংকটের মুখে পড়েছে।
শিবসেনার এই সংকটের মূলে রয়েছে ‘অপারেশন টাইগার’, যার মাধ্যমে বিজেপি ও শিণ্ডে শিবির সুপরিকল্পিতভাবে দলে ভাঙন ধরিয়েছে বলে অভিযোগ উঠেছে। লোকসভায় উদ্ধব শিবিরের ৯ জন সাংসদের মধ্যে ৬ জনই বর্তমানে বিদ্রোহী এবং তাঁরা লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে নিজের অবস্থান জানিয়েছেন। বিদ্রোহী সাংসদদের দাবি, কংগ্রেসের সঙ্গে জোট গড়ার ফলে দল তার মূল আদর্শ থেকে বিচ্যুত হয়েছে এবং অদূর ভবিষ্যতে তা কংগ্রেসের সঙ্গে মিশে যেতে পারে। এই পরিস্থিতির প্রেক্ষিতে দলীয় কর্মীদের উদ্দেশে উদ্ধব ঠাকরে জানিয়েছেন, কর্মীরা তাঁর নেতৃত্বের ওপর আস্থা হারালে তিনি দলের প্রধানের পদ ছাড়তে প্রস্তুত।