নিখোঁজ স্ত্রী, আত্মহত্যার হুমকি, শেষে কি অনার কিলিংয়ের ভয়ংকর সত্যি?
বিহারের মুজাফফরপুরে ভিন্জাতে বিয়ের জেরে ১৯ বছর বয়সী সুজাতা কুমারীকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার এক মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে এসেছে। দীর্ঘ দু’মাস নিখোঁজ থাকার পর পুলিশের তদন্তে এই ‘অনার কিলিং’-এর বিষয়টি বেরিয়ে আসে। নিহতের স্বামীর লাগাতার অনুসন্ধান এবং সোশ্যাল মিডিয়ায় বিচারের দাবির জেরে এই হত্যাকাণ্ডের ছক সামনে আসে।
জানুয়ারি মাসে পরিবারের অমতে প্রতিবেশী গ্রামের প্রেমিক গৌরীশঙ্করকে বিয়ে করেছিলেন সুজাতা। বিয়ের পর আইনি জটিলতার কারণে তিনি বাপের বাড়িতে ফিরতে বাধ্য হন। কিন্তু সুজাতা ফের স্বামীর কাছে ফিরে যেতে পারেন—এই আশঙ্কায় পরিবারের সদস্যরা তাঁকে হত্যার পরিকল্পনা করে। গত ৩১ মার্চ শেষবার স্বামীর সঙ্গে কথা বলার পর থেকে নিখোঁজ ছিলেন সুজাতা। পুলিশের বিশেষ তদন্তকারী দল (SIT) সুজাতার ভাই অভিষেককে জিজ্ঞাসাবাদ করলে সে খুনের কথা স্বীকার করে। ৮ মে সুজাতাকে হত্যার পর বুড়ি গণ্ডক নদীর তীরে তাঁর দেহ পুড়িয়ে ফেলা হয়েছিল। মূল অভিযুক্ত ভাই গ্রেফতার হলেও এই ঘটনায় জড়িত অন্যদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে।