আইনজীবীকে হুমকি দিয়ে তোলাবাজি, চাপের মুখে টাকা ফেরালেন তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠরা!
June 20, 2026
কলকাতা পুরসভার ৬৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে তোলাবাজির গুরুতর অভিযোগ তুলেছেন কলকাতা হাই কোর্টের আইনজীবী চিরঞ্জীব সিনহা। অভিযোগ, নিজের বাড়ি সংস্কারের সময় কাউন্সিলরের দুই ঘনিষ্ঠ সহযোগী পীযূষ দে ও পাপিয়া দাস আইনজীবীর কাছে ১০ লক্ষ টাকা দাবি করেন। দীর্ঘ টানাপোড়েনের পর ৬ লক্ষ টাকায় রফা হলেও, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে ওই দুই সহযোগী আইনজীবীর কাছ থেকে দেড় লক্ষ টাকা হাতিয়ে নেন।
সম্প্রতি বিজেপি কর্মী, সমর্থক ও নেতৃত্বের প্রবল চাপে অভিযুক্তরা সেই টাকা ফেরত দিতে বাধ্য হয়েছেন। ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচীর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে অভিযুক্ত এক মহিলাকে টাকা নেওয়ার কথা স্বীকার করতে দেখা যায়। এই ঘটনাটি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।