অভিষেকের আগমন ঘিরে ধুন্ধুমার কলকাতা বিমানবন্দর, গ্রেপ্তার ৫!

কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরে রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দক্ষিণ দমদম পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়সহ মোট পাঁচজন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতাতে ফেরা উপলক্ষে বিমানবন্দর এলাকায় শাসকদল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র সংঘাতের সূত্রপাত হয়। অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে তৃণমূল কর্মী এবং বিক্ষোভ প্রদর্শনের উদ্দেশ্যে বিজেপি কর্মীরা সেখানে জড়ো হলে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়, যা পরে হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়।

সংঘর্ষের জেরে বিমানবন্দর চত্বরে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হলে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বের করে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর বিজেপির পক্ষ থেকে থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনিবার ওই পাঁচজনকে গ্রেপ্তার করে এবং ধৃতদের আদালতে পেশ করা হয়েছে। তৃণমূলের ওই কাউন্সিলর প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হওয়ায় এই ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে এবং উচ্চ-নিরাপত্তাবেষ্টিত বিমানবন্দর এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *