এটিএমের কি-প্যাডে নতুন প্রতারণার ফাঁদ, খালি হতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট!
এটিএম কার্ড নিজের কাছে থাকার পরেও অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হওয়ার ঘটনা বর্তমানে ডিজিটাল বিশ্বে উদ্বেগ বাড়াচ্ছে। ‘থার্মাল স্ক্যানিং ফ্রড’ নামক এক অভিনব পদ্ধতিতে প্রতারকরা গ্রাহকের অজান্তেই এটিএম পিন নম্বর চুরি করছে। এই প্রযুক্তিতে গ্রাহক এটিএম মেশিনের কি-প্যাডে পিন টাইপ করার সময় যে তাপের চিহ্ন রেখে যান, তা বিশেষ ডিভাইসের সাহায্যে স্ক্যান করে পিন নম্বর উদ্ধার করা হয়। বিশেষ করে প্লাস্টিকের কি-প্যাডের ক্ষেত্রে এই স্ক্যানিং পদ্ধতি ৮০ শতাংশ পর্যন্ত সফল হওয়ায় গ্রাহকরা বড় ধরনের আর্থিক ঝুঁকির মুখে পড়ছেন।
এই প্রতারণা থেকে বাঁচতে বিশেষজ্ঞরা কিছু সতর্কতামূলক পদক্ষেপের পরামর্শ দিচ্ছেন। পিন টাইপ করার সময় অপর হাত দিয়ে কি-প্যাডটি ঢেকে রাখা এবং পিন দেওয়ার পর কি-প্যাডের অন্য কয়েকটি বোতামে আঙুল ছোঁয়ানোর মাধ্যমে পিন কোডের তাপীয় নকশা নষ্ট করে দেওয়া জরুরি। এছাড়া মেটালের বা ধাতব কি-প্যাডযুক্ত এটিএম বুথ ব্যবহারের পাশাপাশি লেনদেনের সময় আশেপাশের পরিস্থিতির ওপর নজর রাখা এবং নিয়মিত ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের দিকে সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন।