চশমায় গোপন ক্যামেরা আর কোটি টাকার তোলাবাজি, আদালতে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য!
তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার টলিউডের প্রভাবশালী নেতা স্বরূপ বিশ্বাসকে আগামী ২৩ জুন পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আলিপুর অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় আদালত। রিজেন্ট পার্ক থানায় দায়ের করা একটি মামলায় এই নির্দেশ দেওয়া হয়েছে, যা বর্তমানে টলিপাড়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
মামলার শুনানিতে অভিযোগকারীর আইনজীবী আদালতে দাবি করেন, কোভিড চলাকালীন ফেডারেশনের তহবিল থেকে তোলা ১ কোটি ২৫ লক্ষ টাকার মধ্যে ৭৫ লক্ষ টাকার কোনো হিসাব পাওয়া যায়নি। এছাড়া, স্বরূপ বিশ্বাসের ব্যবহৃত চশমায় গোপন ক্যামেরা বসানো থাকত বলে অভিযোগ তুলেছে বাদীপক্ষ। এই প্রযুক্তির অপব্যবহার করে নারীদের ফাঁদে ফেলে নির্যাতনের পাশাপাশি, ক্ষমতার দাপট দেখিয়ে টলিপাড়ার অভিনেতা-অভিনেত্রীদের ভয়ের পরিবেশের মধ্যে রাখা হতো বলেও আদালতে জানানো হয়েছে। তবে স্বরূপ বিশ্বাসের আইনজীবীর দাবি, তাঁর মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগগুলো এখনো প্রমাণিত নয়।