মানবিকতার চরম অবক্ষয়, গণধর্ষণের পর নির্যাতিতার শরীরে বিভীষিকাময় অত্যাচার!
বিহারের বেগুসরাইয়ে এক মহিলার ওপর ঘটা পাশবিক গণধর্ষণের ঘটনায় দেশজুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গত ১১ জুন রাতে পাঁচ দুষ্কৃতী ওই মহিলার বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে তাঁর স্বামীকে আটকে রেখে তাঁকে তুলে নিয়ে যায় এবং নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। নির্যাতিতার শারীরিক পরীক্ষার পর চিকিৎসকরা তাঁর যৌনাঙ্গ থেকে বুলেট, পাথর ও কাঠের টুকরো উদ্ধার করেছেন, যা অভিযুক্তদের চরম নৃশংসতার প্রমাণ দেয়। এছাড়াও বাধা দেওয়ার চেষ্টার সময় দুষ্কৃতীরা ব্লেড দিয়ে মহিলার বুক ও উরুতে গভীর ক্ষত তৈরি করে তাঁকে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
এই ঘটনার পেছনে পুলিশের গাফিলতির অভিযোগ তুলেছেন নির্যাতিতা। তিনি জানান, তিন মাস আগে অভিযুক্তরা তাঁর বাড়িতে চুরি ও যৌন হেনস্থার চেষ্টা করলে তিনি পুলিশে অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। পুলিশের নিষ্ক্রিয়তাই অপরাধীদের সাহস বাড়িয়ে তুলেছিল বলে দাবি করা হচ্ছে। বর্তমানে স্থানীয় ডিএসপি আনন্দ কুমার পাণ্ডে জানিয়েছেন যে, নির্যাতিতার বয়ান সত্য বলে প্রমাণিত হয়েছে এবং ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এদিকে ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে।