কালো জাদুর বলি পরিচারিকা, চিকিৎসককে নিয়ে চাঞ্চল্য!
দক্ষিণ দিল্লির মাউন্ট কৈলাশে ৪৫ বছর বয়সি গৃহপরিচারিকা মীনাকে নৃশংসভাবে হত্যার অভিযোগে মণীশ গুপ্তা নামে এক চর্মরোগ বিশেষজ্ঞকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত চিকিৎসককে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে এবং ধারাল ছুরি দিয়ে কুপিয়ে ওই গৃহপরিচারিকাকে হত্যার দায়ে আটক করা হয়েছে। ঘটনার দিন সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছাদ থেকে ওই গৃহপরিচারিকার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত চিকিৎসককে সেই লাশের পাশেই পাওয়া যায়। খুনে ব্যবহৃত ব্যাট ও ছুরি পুলিশ ইতিমধ্যে উদ্ধার করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত চিকিৎসক দাবি করেন, পরিচারিকা মীনা তাঁর পরিবারে ‘কালো জাদু’ করছিলেন, যা তিনি মানতে পারেননি। তবে তদন্তকারীরা এই দাবির সপক্ষে কোনো প্রমাণ পাননি। পুলিশের ধারণা, চিকিৎসকের তীব্র মানসিক অবসাদই এই হত্যাকাণ্ডের মূল কারণ হতে পারে। স্থানীয় ডিসিপি হেমন্ত তিওয়ারি জানিয়েছেন, হত্যাকাণ্ডের প্রকৃত উদ্দেশ্য নিশ্চিত হতে ফরেনসিক নমুনা সংগ্রহ এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। একজন উচ্চশিক্ষিত চিকিৎসকের এহেন কর্মকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।