মেসিকে হেনস্থা! অরূপ বিশ্বাসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ মেসির টিমের
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির কলকাতা সফরের সময় নিরাপত্তার গাফিলতি ও অভব্য আচরণের অভিযোগ তুলে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিধাননগর পুলিশ কমিশনারেটে একটি চিঠি পাঠাল মেসির টিম। আন্তর্জাতিক প্রোটোকল ভেঙে মেসির সঙ্গে অগ্রহণযোগ্য আচরণ এবং মাঠের নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে এই চিঠিতে। একদিকে পুলিশি হাজিরা এড়িয়ে চলায় আদালতের প্রশ্নের মুখে থাকা অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এই আন্তর্জাতিক অভিযোগ তাঁর আইনি অস্বস্তিকে আরও বাড়িয়ে তুলল।
মেসির টিমের অভিযোগ, কলকাতা সফরের সময় তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং তাঁর সঙ্গীরা আন্তর্জাতিক প্রোটোকল উপেক্ষা করে তারকা ফুটবলারকে ঘিরে ধরেন। অনুমতি ছাড়াই মেসির কাঁধ ও কোমরে হাত দিয়ে ছবি তোলার ঘটনাকে ‘হেনস্থা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া, ভিআইপি সংস্কৃতির আতিশয্য ও নিরাপত্তা বলয় ভেঙে মাঠে দর্শকদের ঢুকে পড়ার ফলে মেসি দ্রুত মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন বলে চিঠিতে জানানো হয়েছে। এই ঘটনা ভারতের নিরাপত্তা ব্যবস্থা ও ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।