ফলতায় ডন-মাফিয়াদের দিন শেষ, কড়া পদক্ষেপের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী!

ফলতা থানা ঘেরাও এবং পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার দক্ষিণ ২৪ পরগনার ফলতায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানান, আইন হাতে তুলে নিলে কাউকেই রেহাই দেওয়া হবে না। হামলাকারীদের চিহ্নিত করে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত ও নিলাম করার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) রাষ্ট্রবিরোধী ধারায় মামলা রুজু করার নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া সরকারি কর্মচারী ও বাহিনীর ওপর হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের ওপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী।

তোলাবাজিসহ একাধিক অভিযোগে তৃণমূল নেতা জাহাঙ্গীর খানকে নেপাল সীমান্ত থেকে গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার ফলতা থানায় ব্যাপক বিক্ষোভ ও হামলা চালায় একদল মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে লাঠিচার্জ করতে হয়। এই ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী স্থানীয় মহিলাদের সুরক্ষার জন্য থানায় বিশেষ ‘হেল্প ডেস্ক’ চালুর ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে আমফান ত্রাণ ও ঘর তৈরির দুর্নীতির সঙ্গে যুক্তদের কাছ থেকে অর্থ উদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে তিনি দক্ষিণ ২৪ পরগনাকে ‘ফলতা মডেল’ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *