সন্দেশখালিতে শাহজাহান ঘনিষ্ঠ প্রধানকে ঘিরে তুলকালাম, বেরোলেই ডিম ছোড়ার হুঁশিয়ারি!
সন্দেশখালির রাধানগর পঞ্চায়েত প্রধান দীপালি দাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগের প্রেক্ষিতে পঞ্চায়েত অফিস ঘেরাও করে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন তারা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, নিজেকে রক্ষা করতে ওই পঞ্চায়েত প্রধান টানা সাত ঘণ্টা কার্যালয়ের একটি কক্ষের ভেতরে বন্দি থাকতে বাধ্য হন। বিক্ষোভকারীরা তাকে জনসমক্ষে বেরোলেই ‘ডিম থেরাপি’ দেওয়ার হুমকি দিলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
উত্তপ্ত পরিস্থিতি মোকাবিলায় শেষ পর্যন্ত বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীকে ঘটনাস্থলে পাঠানো হয়। প্রশাসনের হস্তক্ষেপে দীর্ঘক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের দাবি, শেখ শাহজাহান ঘনিষ্ঠ এই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে এবং এই বিক্ষোভ তার বিরুদ্ধে সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভেরই প্রতিফলন।