বালুরঘাটে খোলা ভোট বাক্স, পোস্টাল ব্যালট নিয়ে তুলকালাম!
বর্তমান ডেস্কঃ
বালুরঘাটে পোস্টাল ব্যালট ঘিরে উত্তেজনা, বিক্ষোভ ভোটকর্মীদের
বালুরঘাটের ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ প্রক্রিয়া চলাকালীন চূড়ান্ত বিশৃঙ্খলা ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। ভোট দেওয়ার সময় গোপনীয়তা রক্ষা না হওয়া, ব্যালট বাক্স সিলবিহীন অবস্থায় রাখা এবং ভোটকক্ষে বহিরাগতদের প্রবেশের অভিযোগ তুলে তীব্র বিক্ষোভে ফেটে পড়েন ভোটকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছাতে হয় নির্বাচনী পর্যবেক্ষককে। আগে থেকেই সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল।
ভোট দিতে আসা কর্মীদের অভিযোগ, ভোট কেন্দ্রে গণতান্ত্রিক প্রক্রিয়ার ন্যূনতম নিয়ম মানা হয়নি। ব্যালট বাক্সগুলো খোলা ও সিলবিহীন অবস্থায় ছিল এবং ভোটারদের গোপনীয়তা রক্ষার কোনো ব্যবস্থা ছিল না। এছাড়া অভিযোগ উঠেছে, কিছু মানুষ ব্যালট বাক্স থেকে ব্যালট পেপার তুলে নিচ্ছিলেন এবং ভোটকক্ষের ভেতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশের পাশাপাশি বহিরাগতদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপির দাবি, জেলা প্রশাসনকে ব্যবহার করে ছাপ্পা ভোটের চেষ্টা চলছে, অন্যদিকে তৃণমূলের অভিযোগ, বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোটের নামে প্রহসন করছে। ভোটকর্মীদের বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ ভোট গ্রহণ প্রক্রিয়া ব্যাহত হয় এবং প্রশাসনের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।