বাংলাদেশ সীমান্তে বিএসএফ ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু এএসআই-এর!

বর্তমান ডেস্কঃ

উত্তর ২৪ পরগনার গাইঘাটার বাঁকড়া সংলগ্ন বিএসএফ-এর ৭৭ নম্বর ব্যাটালিয়ন ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে জ্যোতিরাম সিং নামে এক এএসআই (ASI) পদমর্যাদার জওয়ানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ থেকে ১০টার মধ্যে হাড়োয়া-হিঙ্গলগঞ্জ সীমান্তের কাছে অবস্থিত এই ক্যাম্পে দুর্ঘটনাটি ঘটে। সীমান্তে নদীপথে নজরদারির কাজে ব্যবহৃত স্পিডবোটে জ্বালানি ভরার সময় পেট্রোল পাম্পে আচমকাই আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে পাম্প ঘরে বিস্ফোরণের ফলে প্রবল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়, যার জেরে কর্মরত অবস্থায় দগ্ধ হয়ে ওই জওয়ানের মৃত্যু হয়েছে।

ঘটনাস্থলে লেবুখালি থেকে দমকলের ইঞ্জিন এবং হিঙ্গলগঞ্জ থানার পুলিশ পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বিডিও অফিসের কর্মী সুনীল কুমার মণ্ডল জানিয়েছেন, প্রাথমিক তদন্তে শর্ট-সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে অনুমান করা হচ্ছে। মৃত জওয়ানের দেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে বিএসএফ-এর পক্ষ থেকে এ ঘটনার অভ্যন্তরীণ তদন্ত শুরু করা হয়েছে এবং পুলিশ ও ব্লক প্রশাসন পরিস্থিতি খতিয়ে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *