CBSE ১০ম রেজাল্ট আউট, গণিতে ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না!
বর্তমান ডেস্কঃ
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) ২০২৬ শিক্ষাবর্ষের দশম শ্রেণির প্রথম সেশনের বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে, যেখানে পাসের হার ৯৩.৭০%। বোর্ডের ইতিহাসে প্রথমবারের মতো একই শিক্ষাবর্ষে দ্বিতীয়বার বোর্ড পরীক্ষা আয়োজনের প্রক্রিয়া শুরু হয়েছে। দ্বিতীয় পরীক্ষাটি আগামী ১৫ মে থেকে ১ জুন, ২০২৬-এর মধ্যে অনুষ্ঠিত হবে। দ্বাদশ শ্রেণির ফল প্রকাশের পূর্বেই দশম শ্রেণির রেজাল্ট দেওয়ার মূল উদ্দেশ্য হলো এই দ্বিতীয় পরীক্ষার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা। চূড়ান্ত মার্কশিটের ক্ষেত্রে বোর্ড ‘বেস্ট-অফ-টু’ (Best-of-Two) নিয়ম কার্যকর করবে, যার ফলে প্রথম ও দ্বিতীয় পরীক্ষার মধ্যে যেটিতে শিক্ষার্থী বেশি নম্বর পাবে, সেটিই চূড়ান্ত হিসেবে গণ্য হবে।
দ্বিতীয় ধাপের পরীক্ষায় অংশগ্রহণের জন্য স্কুলগুলোর মাধ্যমে ছাত্রছাত্রীদের তালিকা (LOC) চাওয়া হয়েছে। কোনো বিলম্ব ফি ছাড়াই ২০ এপ্রিল পর্যন্ত আবেদনের সুযোগ থাকছে এবং ২১ ও ২২ এপ্রিল বিলম্ব ফি দিয়ে আবেদন করা যাবে। এক্ষেত্রে প্রতি বিষয়ে ৩০০ টাকা করে ফি ধার্য করা হয়েছে। এই পরীক্ষায় প্রথম পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা সর্বোচ্চ ৩টি বিষয়ে নম্বর বাড়ানোর (Improvement) জন্য এবং ১ বা ২টি বিষয়ে অকৃতকার্যরা কম্পার্টমেন্ট বিভাগে পরীক্ষা দিতে পারবে। বিশেষ সুবিধাস্বরূপ, শিক্ষার্থীরা প্রথম পরীক্ষায় নেওয়া গণিতের বিষয়ের (বেসিক বা স্ট্যান্ডার্ড) পরিবর্তে অন্যটি বেছে নেওয়ার সুযোগ পাবে। তবে এই পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক নয় এবং ২টির বেশি বিষয়ে ফেল করলে শিক্ষার্থীদের আগামী বছর মূল পরীক্ষায় বসতে হবে।