দক্ষিণ ভারতে মোদীর মাস্টারপ্ল্যান, কোন রাজ্যে কত আসন বাড়ছে?

লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করার কেন্দ্রীয় পরিকল্পনার ফলে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর আসন সংখ্যা ১২৯ থেকে বেড়ে ১৯৫ হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার সংসদীয় আলোচনার মাধ্যমে তিনি স্পষ্ট করেছেন যে, প্রস্তাবিত ডিলিমিটেশন বা সীমানা পুনর্বিন্যাসের মাধ্যমে এই পাঁচটি রাজ্যে অতিরিক্ত ৬৬টি আসন যুক্ত করা হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণের কারণে আসন সংখ্যা কমে যাওয়ার যে আশঙ্কা বিরোধী শিবির প্রকাশ করেছিল, শাহ তা উড়িয়ে দিয়েছেন।

অমিত শাহের তথ্যমতে, প্রতিটি রাজ্যের আসন সংখ্যা ৫০ শতাংশ হারে বাড়ানোর ফর্মুলা অনুসরণ করা হচ্ছে। এর ফলে তামিলনাড়ুর আসন ৩৯ থেকে বেড়ে ৫৯, কর্ণাটকের ২৮ থেকে বেড়ে ৪২, অন্ধ্রপ্রদেশের ২৫ থেকে বেড়ে ৩৮, তেলেঙ্গানার ১৭ থেকে বেড়ে ২৬ এবং কেরলের আসন সংখ্যা ২০ থেকে বেড়ে ৩০ হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, এই প্রক্রিয়ায় কোনো রাজ্যই তাদের জাতীয় গুরুত্ব হারাবে না, বরং প্রতিটি রাজ্যের মানুষের সমান প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়ার ফলে সংসদীয় কাঠামো শক্তিশালী হবে। তিনি উত্তর ভারতের আধিপত্য বাড়ার অভিযোগটিকেও ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *